নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি কীটনাশক বিক্রয়কেন্দ্রে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকার কীটনাশক ও বিভিন্ন মালামাল খোয়া গেছে বলে দাবি করেছেন দোকান মালিক।
ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে। সিনজেনটার রিটেইলার পয়েন্টের স্বত্বাধিকারী রাম প্রসাদ মোরের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক রাম প্রসাদ মোর জানান, দুর্বৃত্তরা রাতের আঁধারে দোকানের পেছনের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানের ভেতরে থাকা বিভিন্ন ধরনের কীটনাশক নিয়ে যায়। সকালে পাশের একটি নির্মাণকাজ চলাকালে শ্রমিকরা দোকানের পেছনে কিছু কীটনাশকের কার্টন ও মালামাল পড়ে থাকতে দেখে বিষয়টি প্রথমে টের পান স্থানীয়রা।
খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে এসে দেখতে পান দোকানের পেছনের দেয়াল কাটা হয়েছে। পরে দোকান খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, প্রায় ৩০ কার্টন কীটনাশক নেই। এছাড়া ঘটনাস্থলে লোহাজাতীয় কিছু সরঞ্জামও পাওয়া গেছে, যা চুরির কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে জানিয়েছেন দোকান মালিক। তিনি আরও জানান, ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্র্যাক ব্যাংক থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন এবং সেই অর্থ দিয়েই সিনজেনটার রিটেইলার পয়েন্টের ব্যবসা শুরু করেন। এমন ঘটনায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাজার কমিটি ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের জন্য দোকান মালিককে বলা হয়েছে। বাজারে চারজন পাহারাদার দায়িত্ব পালন করলেও এ ধরনের ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি বাজার কমিটির সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে দোকানটি টার্গেট করা হয়েছিল। কারণ রাতের আঁধারে দেয়াল কেটে প্রবেশ এবং নির্দিষ্ট পণ্য চুরি করার ধরনটি পূর্বপরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় চুরি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ব্যবসায়ীরা বাজারে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।