মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) রাতে কুলাউড়া থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরা জেলার হেমন্ত ঘোষ (৩১), নড়াইল জেলার সীমা বিশ্বাস (২৯) ও রুমেন খানম (৩৬), মানিকগঞ্জ জেলার শ্রাবণী আক্তার (২৪) এবং চাঁদপুর জেলার সাজেদা বেগম (৩০)। তাদের সঙ্গে থাকা এক শিশুকেও আটক করা হলেও মামলায় তাকে অন্তর্ভুক্ত করা হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় দালালদের সহায়তায় বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পুঞ্জি এলাকার ১৮৪১ নম্বর মূল সীমান্ত পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে ভারতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন বলে স্বীকার করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, বিজিবির দায়ের করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
কসমিক ডেস্ক