ঠাকুরগাঁওয়ে অভিযানে লক্ষাধিক টাকার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঠাকুরগাঁওয়ে অভিযানে লক্ষাধিক টাকার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
ঠাকুরগাঁওয়ে অভিযানে লক্ষাধিক টাকার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ ছবির ক্যাপশন:

মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২৫টি রিং জাল এবং ২০টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা সব জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানটি উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মনিরা সুমি জানান, রিং জাল ও কারেন্ট জালের ব্যবহার আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে নির্বিচারে ছোট মাছ ও মাছের পোনা ধরা পড়ে, যার ফলে প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং দেশের মৎস্যসম্পদের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের জলজ সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এতে অবৈধ জালের ব্যবহার কমানোর পাশাপাশি মাছের প্রজনন ও প্রাকৃতিক জলজ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রজনন মৌসুমে মাছ ও পোনা রক্ষায় শুধু অভিযানই নয়, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান রয়েছে। মৎস্য আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের জলাশয়গুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যেই এসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণতান্ত্রিক ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: মির্জা

গণতান্ত্রিক ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার: মির্জা