রাজধানীতে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান চালিয়ে ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ মোট ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, ওয়ারী বিভাগে ৯০ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭১ জন, মিরপুর বিভাগে ১০৫ জন, গুলশান বিভাগে ২৪ জন, উত্তরা বিভাগে ৪১ জন এবং গোয়েন্দা বিভাগে ১৭ জন রয়েছেন।
ডিএমপির তথ্যমতে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৫৬৬টি ইয়াবা, ১৬৪ কেজি ৬৬৫ গ্রাম গাঁজা, ৪৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮৪টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, দুটি এসএসডি কার্ড, দুটি হার্ডডিস্ক, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি), একটি হ্যান্ড পাঞ্চ এবং ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কসমিক ডেস্ক