সালমান শাহ হত্যা মামলা: আদালতের নতুন নির্দেশ, প্রতিবেদন ৩০ আগস্ট The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সালমান শাহ হত্যা মামলা: আদালতের নতুন নির্দেশ, প্রতিবেদন ৩০ আগস্ট

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
সালমান শাহ হত্যা মামলা: আদালতের নতুন নির্দেশ, প্রতিবেদন ৩০ আগস্ট ছবির ক্যাপশন:

জনপ্রিয় চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন, যিনি সালমান শাহ নামে পরিচিত, তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী কর্মকর্তা, সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এ তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

এর আগে গত ২০ মে সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পরে ২৪ মে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্তের অনুমতি দেন।

তবে ওই আদেশ বাতিল চেয়ে বাদীপক্ষ আবেদন করলে আদালত আবেদনটি নথিভুক্ত করেন। এরপর গত ২২ জুন সিলেট জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাকে মরদেহ উত্তোলনের প্রক্রিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ-সংক্রান্ত অফিস আদেশ আদালতে পাঠানো হলে সেটিও নথিভুক্ত করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যান। ওই সময় তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরবর্তীতে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ তুলে মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের আবেদন জানান তিনি।

আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলার পাশাপাশি হত্যার অভিযোগও তদন্ত করে সিআইডি। ১৯৯৭ সালের ৩ নভেম্বর সংস্থাটি চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করে এবং ২৫ নভেম্বর আদালত সেই প্রতিবেদন গ্রহণ করেন।

পরে ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে সালমান শাহর বাবা রিভিশন মামলা করেন। তার মৃত্যুর পর মামলাটি পরিচালনা করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। পরবর্তীতে আদালত বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে রাজধানীর রমনা থানায় সালমান শাহর স্ত্রী সামীরা হক, তার মা লতিফা হক লিও (লুসি), অভিনেতা আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরেই পরীক্ষা শেষে নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্

ডিসেম্বরেই পরীক্ষা শেষে নতুন বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষামন্