এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের বাইরের পরিবেশ সুশৃঙ্খল রাখা এবং পরীক্ষার্থীদের অভিভাবকদের সুবিধা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষাকেন্দ্রের বাইরে শৃঙ্খলা বজায় রাখা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য মোতায়েন করতে হবে।
এ সংক্রান্ত নির্দেশনা পরে চিঠি আকারে সব পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিবদের কাছেও পাঠানো হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের সার্বিক সুবিধা ও কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিটি পরীক্ষাকেন্দ্রের বাইরে নিরাপদ ও উপযুক্ত স্থানে অপেক্ষমাণ শেড নির্মাণ বা নির্ধারণ করতে হবে। পাশাপাশি সেখানে পর্যাপ্ত সংখ্যক চেয়ার রাখার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে, যাতে অভিভাবকেরা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করতে পারেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের বাইরের শৃঙ্খলা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় জনসমাগম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয়সংখ্যক রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের আশপাশে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে প্রবেশ ও বের হওয়ার সুযোগ নিশ্চিত করা এবং অভিভাবকদের জন্য অপেক্ষার সময়কে আরও স্বস্তিদায়ক করে তোলাই শিক্ষা বোর্ডের মূল লক্ষ্য।
কসমিক ডেস্ক