২০২৬ লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর ঠিক আগে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়েছে জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজি। ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত গুরুতর দুর্নীতির অভিযোগে দলটির এক সহ-মালিককে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা পুলিশের ক্রীড়া বিষয়ক অপরাধ প্রতিরোধ সংক্রান্ত বিশেষ তদন্ত ইউনিট (এসআইইউ)।
পুলিশ জানিয়েছে, টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেওয়া হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি জাফনা কিংসের অন্যতম সহ-মালিক।
এই ফ্র্যাঞ্চাইজির হয়ে ২০২৬ মৌসুমে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলছেন। ফলে ঘটনাটি বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের মধ্যেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্রীড়াঙ্গনে দুর্নীতি ও ম্যাচ পাতানোর অভিযোগের চলমান তদন্তের অংশ হিসেবেই এই গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতি দমনে শ্রীলঙ্কার আইন বিশ্বের অন্যতম কঠোর হিসেবে বিবেচিত। দেশটির ক্রীড়া সংক্রান্ত অপরাধ প্রতিরোধ আইন অনুযায়ী ম্যাচ ফিক্সিং, স্পট ফিক্সিং কিংবা যেকোনো ধরনের অবৈধ কারসাজি ফৌজদারি অপরাধ। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে বড় অঙ্কের জরিমানার পাশাপাশি দীর্ঘমেয়াদি কারাদণ্ডের বিধান রয়েছে।
শ্রীলঙ্কা পুলিশের ক্রীড়া বিষয়ক বিশেষ তদন্ত ইউনিট জানিয়েছে, ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
কসমিক ডেস্ক