বার্সায় অনিশ্চিত টের স্টেগেন, আয়াক্সে যোগ দিতে জটিলতা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বার্সায় অনিশ্চিত টের স্টেগেন, আয়াক্সে যোগ দিতে জটিলতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
বার্সায় অনিশ্চিত টের স্টেগেন, আয়াক্সে যোগ দিতে জটিলতা ছবির ক্যাপশন:

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় জার্মান তারকা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তায় ঘেরা। ইনজুরি এবং দলগত পরিকল্পনার পরিবর্তনের কারণে নতুন মৌসুমে কোচ হানসি ফ্লিকের পরিকল্পনায় নেই এই অভিজ্ঞ গোলরক্ষক। ফলে চলতি গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই সুযোগে তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখায় ডাচ ক্লাব আয়াক্স। দুই ক্লাবের মধ্যে আলোচনা অনেক দূর এগোলেও শেষ মুহূর্তে এসে তৈরি হয়েছে নতুন জটিলতা। মূলত বেতন বণ্টন এবং কর (ট্যাক্স) সংক্রান্ত ইস্যুতে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।

ক্রীড়া সাংবাদিক রজার টোরেলোর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বার্সেলোনা ও আয়াক্সের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছিল। তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (FFP) বিধিনিষেধের কারণে বার্সা তাদের আর্থিক শর্তে অনড় অবস্থান নিয়েছে। অন্যদিকে আয়াক্সও অতিরিক্ত আর্থিক চাপ নিতে রাজি নয়। ফলে ট্রান্সফারটি বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে।

এদিকে সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। যদি টের স্টেগেনকে আয়াক্সের হয়ে উয়েফা কনফারেন্স লিগের কোয়ালিফায়ার পর্বে খেলাতে হয়, তবে ৩১ জুলাইয়ের মধ্যে তার নিবন্ধন সম্পন্ন করতে হবে। এই সময়সীমার মধ্যে দুই ক্লাব সমঝোতায় পৌঁছাতে না পারলে তার ট্রান্সফার ভেস্তে যেতে পারে।

এমন পরিস্থিতিতে জার্মান এই গোলরক্ষকের সামনে আপাতত সীমিত বিকল্পই খোলা রয়েছে। যদি সমাধান না হয়, তাহলে তাকে বার্সেলোনাতেই ব্যাক-আপ গোলরক্ষক হিসেবে থেকে যেতে হতে পারে।

সব মিলিয়ে, টের স্টেগেনের ভবিষ্যৎ এখন নির্ভর করছে ক্লাব দুটির আর্থিক সমঝোতার ওপর। শেষ পর্যন্ত তিনি আয়াক্সে যোগ দিতে পারবেন, নাকি বার্সাতেই থেকে যাবেন—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটছে কাঙালিনী সুফিয়ার

চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটছে কাঙালিনী সুফিয়ার