মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয়: অনিন্দ্য ইসলাম The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয়: অনিন্দ্য ইসলাম

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 7, 2026 ইং
মাদক কারবারি ও চাঁদাবাজদের কোনো ছাড় নয়: অনিন্দ্য ইসলাম ছবির ক্যাপশন:

জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আগামী দিনে যশোরে কোনো মাদক কারবারি, সন্ত্রাসী বা চাঁদাবাজের স্থান হবে না। জনগণের সামান্য কষ্টের কারণ হয়—এমন ব্যক্তি যদি দলের শীর্ষ পর্যায়ের কেউও হন, তার স্থান কারাগারেই হবে বলে তিনি দৃঢ় অবস্থান জানান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) যশোর সদর উপজেলার নতুনহাট বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম বলেন, ধানের শীষে ভোট দিলে যশোরসহ সারাদেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়—এটি বিএনপি অতীতে বারবার প্রমাণ করেছে। সে কারণেই মানুষ ভোটাধিকার প্রয়োগে আগ্রহী হয়ে উঠেছে। অতীতে যতবার জনগণ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবারই তারা নিজেদের প্রয়োজনে ধানের শীষে আস্থা রেখেছে এবং বিএনপি সরকার গঠন করে সেই আস্থার প্রতিদান দিয়েছে। তার ধারাবাহিকতায় এবারও জনগণ বিএনপির ওপর ভরসা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে যারা নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের রাষ্ট্র পরিচালনার কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। জনগণের কল্যাণে তাদের সুস্পষ্ট কোনো কর্মপরিকল্পনাও নেই বলে দাবি করেন তিনি। পাশাপাশি ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে বলেন, জনগণ এসব অপব্যাখ্যাকারীদের প্রত্যাখ্যান করবে।

অনিন্দ্য ইসলাম বলেন, বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার কোনো আনুষ্ঠানিক বক্তব্য নয়; এটি জনগণের সঙ্গে একটি চুক্তি। বিএনপি সরকার গঠন করলে সেই চুক্তি বাস্তবায়নে বাধ্য থাকবে। তিনি বলেন, বর্তমানে দেশে অস্থিরতা বিরাজ করছে, শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

এর আগে তিনি যশোরের পুলেরহাট বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত অনেকেই আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রতি তাদের সমর্থনের কথা জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মার্কিন চাপ, শ্রীলঙ্কায় আটকা ইরানি নাবিকরা

মার্কিন চাপ, শ্রীলঙ্কায় আটকা ইরানি নাবিকরা