ঢাকার কেরানীগঞ্জে খাড়াকান্দি খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে এবং বাকি অবৈধ স্থাপনার মালিকদের নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের রামেরকান্দা এলাকায় খাড়াকান্দি খালের মুখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। তাকে সহায়তা করেন কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অভিযানে খালের ওপর নির্মিত পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া খালের জায়গা দখল করে গড়ে ওঠা অন্যান্য স্থাপনার মালিকদেরও নোটিশ প্রদান করা হয়েছে।
অভিযান শেষে ইউএনও মো. উমর ফারুক বলেন, সরকারের খাল খনন ও খাল উদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার সব খাল দখলমুক্ত করতে প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে খাড়াকান্দি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনাগুলো অপসারণ করা হয়েছে।
তিনি আরও জানান, নোটিশপ্রাপ্ত অবৈধ স্থাপনার মালিকদের বিরুদ্ধে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে খালের ওপর নির্মিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কসমিক ডেস্ক