বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 14, 2026 ইং
বরিশালে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের ছবির ক্যাপশন:

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরে তারা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে বরিশালের নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বরিশালের বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। এছাড়া এবারের অভিন্ন প্রশ্নপত্র আগের বছরের তুলনায় কঠিন হয়েছে এবং কিছু প্রশ্ন সিলেবাসের বাইরের ছিল বলেও তারা দাবি করেন।

সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সৈয়দ এজাজ বলেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে, আবার কঠিন পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময়ও দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, এক বোর্ডে পরীক্ষা স্থগিত হলেও সব বোর্ডে একই সিদ্ধান্ত কার্যকর হয়নি। পাশাপাশি শিক্ষামন্ত্রীর মন্তব্যেও শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন বলে জানান তিনি।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। তিনি জানান, এইচএসসি পরীক্ষা গ্রহণ বা স্থগিতের সিদ্ধান্ত আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির মাধ্যমে নেওয়া হয় এবং এ বিষয়ে পৃথক শিক্ষা বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও প্রশ্নপত্রের মান নিয়ে অসন্তোষের জেরে এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা বোর্ডের সামনে এবং গুরুত্বপূর্ণ সড়কে একই ধরনের কর্মসূচি পালিত হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দলীয় স্লোগানে উত্তাল এলা

রাজবাড়ীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দলীয় স্লোগানে উত্তাল এলা