বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়া এবং পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভে নেমেছেন এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকে সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ময়মনসিংহ, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে ব্যাপক ভোগান্তির মুখে পড়তে হয়।
আন্দোলনকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিক্ষার্থী ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেন। প্রথমে মানববন্ধনের পরিকল্পনা থাকলেও পরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা, জলাবদ্ধতা ও টানা বর্ষণের কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিরাপত্তা ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কিছু প্রশ্নে ত্রুটি ও প্রশ্নের মান নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন।
আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞান পরীক্ষার ত্রুটিপূর্ণ প্রশ্নের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পূর্ণ নম্বর বা উপযুক্ত মূল্যায়ন নিশ্চিত করা, যৌক্তিক কারণে অনুপস্থিত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ দেওয়া, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষামন্ত্রীর জবাবদিহি বা পদত্যাগ।
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবরোধের কারণে শাহবাগ, মোহাম্মদপুর ও মিরপুরমুখী যান চলাচল দীর্ঘ সময় বন্ধ হয়ে যায়। উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিলে বিমানবন্দরগামী ও দূরপাল্লার যানবাহন আটকা পড়ে। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের কাছাকাছি অবস্থান নেন আন্দোলনকারীরা। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
রাজধানীর বাইরে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে শতাধিক পরীক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। ময়মনসিংহেও টাউন হল মোড়ে মহাসড়ক অবরোধ করে চার দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও অন্যান্য শিক্ষা বোর্ডের সামনেও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
এর আগে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে কোনো ত্রুটি বা অসংগতি প্রমাণিত হলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করা হবে।
এদিকে শিক্ষার্থীদের অবরোধ ঘিরে বিভিন্ন স্থানে পুলিশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, কয়েকটি স্থানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখেন।
কসমিক ডেস্ক