বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’ ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। সিনেমাটির নিউইয়র্ক প্রিমিয়ার শুধু তারকাদের উপস্থিতির জন্যই নয়, ভারতীয় কারুশিল্প ও ঐতিহ্যের অনন্য উপস্থাপনার কারণেও আলোচনায় এসেছে।
প্রিমিয়ারে কালো স্যুট ও সাদা শার্টের সঙ্গে ক্রিস্টোফার নোলান যে সিল্কের টাই পরেছিলেন, সেটিই ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। টাইটি ছিল ভারতের গুজরাটের ঐতিহ্যবাহী আজরাখ নকশায় তৈরি। নিউইয়র্কভিত্তিক ভারতীয় ডিজাইনার আহান ট্যান্ডন এটি ডিজাইন করেছেন। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নোলানের ছবি প্রকাশ করলে সেটি দ্রুত আলোচনায় আসে।
আজরাখ হলো গুজরাটের কচ্ছ অঞ্চলের শতাব্দীপ্রাচীন ব্লক প্রিন্টিং ও প্রাকৃতিক রঙের এক বিশেষ কারুশিল্প। গাঢ় নীল, লাল এবং জ্যামিতিক নকশার জন্য এই শিল্পধারা বিশ্বজুড়ে পরিচিত। কাঠের খোদাই করা ব্লক, উদ্ভিদ ও খনিজ থেকে তৈরি প্রাকৃতিক রং এবং বহু ধাপের ছাপা, ধোয়া ও রং করার প্রক্রিয়ায় তৈরি হয় এই অনন্য কাপড়।
প্রিমিয়ারে ভারতীয় ঐতিহ্যের আরেকটি উজ্জ্বল উপস্থিতি ছিল অভিনেত্রী লুপিতা নিয়ংওর সাজে। ‘দ্য ওডিসি’ সিনেমায় গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করা এই অস্কারজয়ী অভিনেত্রী সোনালি গাউনের সঙ্গে পরেছিলেন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচীর তৈরি বিশেষ গয়না।
তার গলায় ছিল পাঁচ স্তরের মুক্তার হার, যেখানে সোনার কারুকাজের পাশাপাশি দুটি বড় অপরিশোধিত পোলকি হীরা বসানো ছিল। হারটিতে সব্যসাচীর স্বাক্ষরধর্মী হাতে খোদাই করা বেঙ্গল টাইগার পেনডেন্টও ছিল। পাশাপাশি তিনি ১৮ ক্যারেট সোনার বেঙ্গল টাইগার আংটি পরেছিলেন, যাতে পুরোনো খনি-কাটা হীরা ও নীলকান্তমণির সমন্বয় দেখা যায়।
‘দ্য ওডিসি’ চলচ্চিত্রে ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে এবং শার্লিজ থেরনের মতো তারকারা অভিনয় করেছেন। ছবির কাহিনি গ্রিক মহাকাব্যের বীর ওডিসিয়াসকে ঘিরে, যিনি ট্রয় যুদ্ধ শেষে নিজ দেশে ফিরতে ১০ বছরের দীর্ঘ ও বিপদসংকুল যাত্রায় নানা দেবতা, দানব ও অলৌকিক শক্তির মুখোমুখি হন।
ভারতীয় ঐতিহ্যবাহী কারুশিল্প ও আধুনিক হলিউড ফ্যাশনের এই মেলবন্ধন ‘দ্য ওডিসি’র প্রিমিয়ারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় হস্তশিল্প ও নকশার জনপ্রিয়তার আরেকটি উদাহরণ হিসেবেও বিষয়টি আলোচনায় এসেছে।
কসমিক ডেস্ক