ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবেলায় ৭ সদস্যের কমিটি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবেলায় ৭ সদস্যের কমিটি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2026 ইং
ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবেলায় ৭ সদস্যের কমিটি ছবির ক্যাপশন:

টানা বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। দুই হলেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হয়েছে এবং শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো দুর্যোগ পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলার লক্ষ্যে সাত সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীকে আহ্বায়ক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে সোমবারের পূর্বনির্ধারিত সব অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময় নতুন সূচি জানিয়ে দেওয়া হবে।

এর আগে রোববার (১২ জুলাই) সকাল থেকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের জলাবদ্ধতা দূর করা, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসন জরুরি ভিত্তিতে কাজ শুরু করে।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন)-এর নেতৃত্বে ঢাকা ওয়াসা, ডিপিডিসি, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সমন্বিত প্রচেষ্টায় রাতের মধ্যেই হলসংলগ্ন এলাকা থেকে পানি সরানো হয় এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়।

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সরেজমিনে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

শিক্ষার্থীদের জরুরি সহায়তার অংশ হিসেবে হল প্রশাসনের উদ্যোগে মোমবাতি, বোতলজাত বিশুদ্ধ পানি ও মশার কয়েল বিতরণ করা হয়। পরে সোমবার সকালে ছাত্রীদের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বর্তমানে দুই হলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের অযথা আতঙ্কিত না হয়ে প্রশাসনের দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
নির্বাচনের আগে মানবাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি

নির্বাচনের আগে মানবাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি