বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে জোরপূর্বক মার্কেট দখলের চেষ্টার অভিযোগে তিন ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সান্তাহার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সেতু (৪০), সানী (৩৭) ও হাসিবুর রহমান (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সান্তাহার মেইন রোডে ‘মেসার্স সপ্তভা শাড়ি বিতান’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আব্দুল্লাহ আল কাফির। একই মার্কেটে তার চাচাতো ভাই নাসিফ আরেফিন নিবিরের ‘নিবিড় বস্ত্র বিতান’ নামের আরেকটি দোকান রয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল্লাহ আল কাফির অভিযোগ, তাদের চাচা আব্দুর রাজ্জাক ও তার তিন ছেলে সম্প্রতি ওই দুটি প্রতিষ্ঠানসহ পুরো মার্কেট দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে গত ১৯ ফেব্রুয়ারি আদালত মার্কেট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, আদালতের ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রবিবার সকালে আব্দুর রাজ্জাক ও তার ছেলেরা মার্কেট দখলের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে বিকেলে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাকের তিন ছেলেকে গ্রেপ্তার করে আদমদীঘি থানা পুলিশ।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, মার্কেট এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। সেটি অমান্য করে দখলের চেষ্টা করলে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ১৫১ ধারায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী মহল বলছে, আদালতের নির্দেশনার পরও এমন দখলচেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।
বর্তমানে মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
কসমিক ডেস্ক