দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনায় দেশের ১৯ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সোমবার সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এদিকে টানা বর্ষণের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে জনজীবন ব্যাহত হচ্ছে।
অন্যদিকে, ভারি বৃষ্টির প্রভাবে চট্টগ্রামসহ পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিভিন্ন এলাকায় অন্তত ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাশাপাশি বন্যা ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রাঙামাটিতে তিনজন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন এবং মৌলভীবাজারে একজন রয়েছেন।
কসমিক ডেস্ক