চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে তিনি মুন্সীগঞ্জ রেলস্টেশন এলাকায় আসেন এবং ট্রেনের সময় সম্পর্কে খোঁজ নেন। পরে খুলনাগামী ডাউন মহানন্দা এক্সপ্রেস ট্রেন স্টেশনের কাছে পৌঁছালে তিনি রেললাইনে চলে যান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন জানান, আয়েশা বেগম দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা সমস্যায় ভুগছিলেন। পরিবারের আর্থিক সংকটও ছিল। তার এক ছেলে ও এক মেয়ে অসুস্থ থাকায় চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। এসব বিষয় তার মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলেছিল বলে স্থানীয়দের ধারণা।
তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
চুয়াডাঙ্গা জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগদীশ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে।
কসমিক ডেস্ক