রাজধানীতে টানা ভারী বর্ষণ ও ব্যাপক জলাবদ্ধতার কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক, প্রাক-নির্বাচনি, বার্ষিক এবং ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। সড়কে পানি জমে শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদ যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা শাহরীন খান রূপা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা স্থগিত করেছে। কিছু প্রতিষ্ঠান শিক্ষা বিভাগের সঙ্গে পরামর্শ করে এবং পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, নবাবগঞ্জ উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে। রাজধানীর কিছু প্রতিষ্ঠান সকালে পরীক্ষা নিলেও দুপুরের পরীক্ষা বাতিল করেছে। আবার অনেক প্রতিষ্ঠান দিনের উভয় বেলার পরীক্ষাই স্থগিত করেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা, দশম শ্রেণির প্রাক-নির্বাচনি পরীক্ষা এবং একাদশ শ্রেণির ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইভাবে ধানমন্ডি কামরুন্নেছা স্কুল, মিল্লাত হাই স্কুল, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, বিসিআইসি কলেজ, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মনিপুর উচ্চ বিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিদ্ধান্ত হাইস্কুল, মতিঝিল কলোনি হাইস্কুল এবং ফজলুল হক মহিলা কলেজও রোববারের নির্ধারিত পরীক্ষা স্থগিত করেছে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, ওয়েবসাইট অথবা অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।
রাজধানীতে টানা বর্ষণ অব্যাহত থাকায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা চরম দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কসমিক ডেস্ক