নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানিয়েছে, দেশজুড়ে আলোচিত এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-১১ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনায় সংশ্লিষ্ট ছয়জনকে আটক করা হয়েছে।
ঘটনার বিস্তারিত তুলে ধরতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ গ্রেপ্তার অভিযান, তদন্তের অগ্রগতি এবং ঘটনার বিভিন্ন দিক তুলে ধরবেন বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে নরসিংদীর মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার হন বাক্প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম। ঘটনার পর তার মৃত্যু দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ওঠে।
আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার পরপরই তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করার পর র্যাব-১১ পৃথক অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃতদের পরিচয়, ঘটনার পেছনের কারণ, লুটপাট ও হামলার বিস্তারিত এবং তদন্তের সর্বশেষ অগ্রগতি তুলে ধরা হবে। একই সঙ্গে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কসমিক ডেস্ক