কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে স্থানীয়রা আটক করেছেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি এলাকা থেকে বাজারের ব্যাগে থাকা টাকা উদ্ধার করা হয়। মাওলানা হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, মাওলানা হেলালী ব্যক্তিগত গাড়িতে ধামগড় থেকে ছালিয়াকান্দি এলাকায় আসেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গাড়ি তল্লাশি করে পেছনের একটি ব্যাগে ১ হাজার টাকা নোটের দুটি বান্ডিল উদ্ধার করা হয়।
ইউএনও আব্দুর রহমান জানিয়েছেন, টাকা বিলি করার সময় তিনি হাতেনাতে ধরা পড়েননি, তাই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মতিন জানিয়েছেন, এ খবরটি এখনই শুনেছেন এবং বিস্তারিত জানার পর মন্তব্য করবেন।
কসমিক ডেস্ক