দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৭ জন রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।
সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই নারী। তাদের একজনের বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৩১ থেকে ৩৫ বছর। মৃতদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং অপরজন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা।
একই সময়ে নতুন ভর্তি হওয়া ৩২৭ রোগীর মধ্যে ২৯৭ জন সরকারি হাসপাতাল এবং ৩০ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৬৫০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৮০০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে মশাবাহিত এ রোগ প্রতিরোধে সতর্ক থাকার, জমে থাকা পরিষ্কার পানি অপসারণের এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।
কসমিক ডেস্ক