সাভার-আশুলিয়া এলাকায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আশুলিয়ার দুর্গাপুর ও আলতাফ নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার কাঠগড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বাসিন্দা রাজিয়া বেগম একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। এ সময় স্থানীয় রুবেল মন্ডল ও তার সহযোগীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী নারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজে বাধা দেওয়া হয়। পাশাপাশি পাশের আরেকটি জমি দখলের চেষ্টাও করা হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আকস্মিক উপস্থিত হন।
পরে আলতাফ নগর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল হোসেনকে আটক করা হয়। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই। তারা যে দলেরই হোক না কেন, অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জমি দখল বা চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, বাদীর এজাহারের ভিত্তিতে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কসমিক ডেস্ক