জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর থানার এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা, মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ওমর ফারুক সুমনকে তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ওই দিন শুনানির জন্য বুধবার তারিখ নির্ধারণ করা হয়েছিল। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ভুক্তভোগী মো. সোহেল রানা (৩৮) রাজধানীর মোহাম্মদপুর থানার তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে আন্দোলনে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, ওই সময় এজাহারভুক্ত অন্যান্য আসামিরা আন্দোলনরত শিক্ষার্থী ও জনতার ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়েছে, হামলার সময় ছোড়া গুলিতে সোহেল রানা আহত হন। পাশাপাশি বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে, যাতে বাদীসহ আরও কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়।
এর আগে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন। বর্তমানে চলমান মামলায় আদালতের আদেশ অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কসমিক ডেস্ক