বাংলাদেশ ও নেপালের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান এবং নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের ভাইস-চেয়ারম্যান গুনাকর ভট্ট।
মঙ্গলবার (৭ জুলাই) কাঠমাণ্ডুতে গুনাকর ভট্টের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
বৈঠকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের অভিজ্ঞতা ও সম্ভাব্য সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া উন্নয়ন পরিকল্পনা, অভিন্ন সমৃদ্ধি অর্জন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। বিশেষভাবে বাংলাদেশ ও নেপালের এলডিসি থেকে সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-নেপাল দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে আরও গভীর করার পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।