সোমবার বরিশাল সফরে প্রধান মন্ত্রী তারেক রহমান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সোমবার বরিশাল সফরে প্রধান মন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
সোমবার বরিশাল সফরে প্রধান মন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন:

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিতব্য এই সফরকে ঘিরে প্রশাসন, স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও আগ্রহ দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে গৌরনদী উপজেলার খননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরে বরিশাল নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদিঘী খালের পাশেও বৃক্ষরোপণ করবেন। এরপর দুপুরে সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি শেষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশেষ সাংগঠনিক সভায় যোগ দেবেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, খাল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিতেই প্রধানমন্ত্রীর এই সফর। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়েও তিনি স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। গৌরনদী থেকে বরিশাল নগর পর্যন্ত সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকেও সফর উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমিতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত সফরস্থল পরিদর্শন করছেন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সরকারপ্রধান হিসেবে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর। এ উপলক্ষে বরিশালবাসী তাকে স্বাগত জানাতে প্রস্তুত। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শহরে কোনো ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড টানানো হয়নি।

বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, প্রধানমন্ত্রী সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হবেন। বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

স্থানীয় উন্নয়ন বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প—যেমন ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, ভোলা-বরিশাল সেতু, রেললাইন সম্প্রসারণ এবং ভোলার গ্যাসসম্পদকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনা—নতুন গতি পেতে পারে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ