জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল ও তার টিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন।
সম্প্রতি অনুষ্ঠিত এই সাক্ষাৎ সম্পর্কে জব্বার মণ্ডল বলেন, প্রধানমন্ত্রী তাদের ডেকে কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছেন। পাশাপাশি কিছু বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ কোনো বার্তা সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে চাননি। তিনি জানান, প্রধানমন্ত্রী তাদের পুরো টিমের কাজের প্রশংসা করেছেন।
এদিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজালবিরোধী অভিযান আরও কার্যকর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভোক্তা অধিকার অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই এবং সিটি করপোরেশনের মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব বিষয়ে নির্দেশনা দেন।
সভায় ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কমিটিকে এক মাসের মধ্যে দ্রুত সমাধানযোগ্য ও দীর্ঘমেয়াদি সমস্যাগুলো চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী এবং মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সদস্য হিসেবে থাকবেন।
সভায় কর্মকর্তারা জেলা পর্যায়ে জনবল বৃদ্ধি, আধুনিক পরীক্ষাগার স্থাপন, মাঠপর্যায়ে অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, সমস্যা থাকলেও তা মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে। উন্নয়নের জন্য সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, বাজারে অতিরিক্ত দাম, ভেজাল পণ্য ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে আলোচনায় রয়েছেন আব্দুল জব্বার মণ্ডল। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানের মাধ্যমে ভোক্তা অধিকার রক্ষায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কসমিক ডেস্ক