স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর। তবে ফুটবলপ্রেমীদের অপেক্ষা খুব বেশি দীর্ঘ নয়। বিশ্বকাপের উত্তেজনা কাটতে না কাটতেই শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলের নতুন মৌসুম। দলবদলের ব্যস্ততা, প্রাক্-মৌসুম প্রস্তুতি এবং নতুন তারকাদের অভিষেকের অপেক্ষায় মুখিয়ে রয়েছে বিশ্বের কোটি কোটি সমর্থক।
নতুন মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ, বুন্দেসলিগা ও লিগ আঁ—সবগুলো লিগেই থাকছে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। এক নজরে দেখে নেওয়া যাক কোন লিগ কবে শুরু হচ্ছে এবং উদ্বোধনী ম্যাচে কারা মুখোমুখি হবে।
ইংলিশ প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড)
বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল নতুন মৌসুম শুরু করবে চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আসা কভেন্ট্রি সিটির বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ আগস্ট ২০২৬, বাংলাদেশ সময় রাত ১টায়।
লিগ শুরুর আগে ১৬ আগস্ট রাত ৮টায় অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কমিউনিটি শিল্ড, যেখানে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি।
লা লিগা (স্পেন)
স্প্যানিশ লিগে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা নতুন মৌসুমেও শিরোপা ধরে রাখার মিশনে নামবে। তবে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদসহ অন্যান্য শক্তিশালী দলও প্রস্তুত।
লা লিগার নতুন মৌসুম শুরু হবে ১৫ আগস্ট, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আলাভেস ও হেতাফে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে।
লিগ আঁ (ফ্রান্স)
ফরাসি লিগে পিএসজির আধিপত্য ভাঙতে প্রস্তুত মার্সেই, মোনাকো ও লঁস। নতুন মৌসুমে দ্বিতীয় বিভাগ থেকে উঠে এসেছে ত্রোয়া ও লে মান।
লিগ আঁর নতুন মৌসুম শুরু হবে ২১ আগস্ট, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মার্সেই ও স্ট্রাসবুর্গ।
সিরি আ (ইতালি)
ইতালিয়ান ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান নতুন মৌসুম শুরু করবে মোনৎসার বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট, বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে।
এবার সিরি আ-তে নতুন করে জায়গা করে নিয়েছে ভেনেজিয়া, ফ্রোসিনোনে ও মোনৎসা। অন্যদিকে জুভেন্টাস, এসি মিলান ও নাপোলিও শিরোপার লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামবে।
বুন্দেসলিগা (জার্মানি)
জার্মান ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যে মৌসুম শুরু করবে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে বরুসিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভারকুসেন।
নতুন মৌসুমে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বুন্দেসলিগায় খেলবে এসভি এলভার্সবার্গ। পাশাপাশি পদোন্নতি পেয়ে ফিরেছে শালকে ০৪ ও এসসি পাদেরবর্ন।
২২ আগস্ট অনুষ্ঠিত হবে জার্মান সুপার কাপ, যেখানে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া। আর বুন্দেসলিগার নতুন মৌসুম শুরু হবে ২৮ আগস্ট, উদ্বোধনী ম্যাচে খেলবে বায়ার্ন মিউনিখ ও স্টুটগার্ট।
বিশ্বকাপের রোমাঞ্চ শেষ হলেও ইউরোপের ক্লাব ফুটবলের নতুন মৌসুমে আবারও মাঠে নামবেন বিশ্বের সেরা তারকারা। ফলে আগস্টের মাঝামাঝি থেকেই ফুটবলপ্রেমীদের জন্য শুরু হতে যাচ্ছে আরেকটি ব্যস্ত ও উত্তেজনাপূর্ণ মৌসুম।
কসমিক ডেস্ক