২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় ম্যাচ ব্রাজিল বনাম নরওয়ে। এই ম্যাচকে ঘিরে চমকপ্রদ পূর্বাভাস দিয়েছেন বিবিসি স্পোর্টের বিশ্লেষক ক্রিস সাটন।
তার মতে, নির্ধারিত সময় কিংবা অতিরিক্ত সময়ে নয়, বরং টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সাটনের পূর্বাভাস অনুযায়ী, ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হবে এবং এরপর টাইব্রেকারে জয় পাবে নরওয়ে।
তিনি মনে করেন, নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিয়ল্যান্ড টাইব্রেকারে দলের নায়ক হয়ে উঠতে পারেন। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত দক্ষতার প্রশংসা করলেও সাটন উল্লেখ করেন, জাপানের বিপক্ষে আগের ম্যাচে ব্রাজিলের মাঝমাঠে কিছু দুর্বলতা দেখা গেছে।
এই দুর্বলতাকেই কাজে লাগাতে পারে নরওয়ে। বিশেষ করে ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের দ্বৈরথ ম্যাচের বড় আকর্ষণ হতে পারে। সাটনের মতে, হালান্ডকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা ব্রাজিলের জন্য কঠিন হবে।
পরিসংখ্যানও নরওয়ের পক্ষে কথা বলছে। ১৯৯৮ সালের পর চারবার মুখোমুখি হলেও একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে নরওয়ে।
এছাড়া ২০০২ সালের পর বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপীয় দলের বিপক্ষে খেললেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে—এ তথ্যও নরওয়ের আশাকে আরও জোরালো করছে।
তবে প্রযুক্তিভিত্তিক পূর্বাভাসে ভিন্ন চিত্র দেখা গেছে। মাইক্রোসফট কপাইলটের বিশ্লেষণে ৪-২ গোলে ব্রাজিলের জয় এবং কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা দেখানো হয়েছে।
সব মিলিয়ে ম্যাচটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। মাঠের লড়াইই নির্ধারণ করবে কার ভবিষ্যদ্বাণী সত্যি হয়।
কসমিক ডেস্ক