শান্তিপূর্ণ নির্বাচন অব্যাহত থাকবে বলে আশা এ্যানির The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

শান্তিপূর্ণ নির্বাচন অব্যাহত থাকবে বলে আশা এ্যানির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 ইং
শান্তিপূর্ণ নির্বাচন অব্যাহত থাকবে বলে আশা এ্যানির ছবির ক্যাপশন:

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় পর একটি সুন্দর ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ পাওয়া গেছে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ওই কেন্দ্রেই তিনি ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর এ্যানি বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ পেয়েছি। এই পরিবেশের মধ্য দিয়েই দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। আমার বিশ্বাস, এই শান্তিপূর্ণ পরিবেশ ও পরিস্থিতি পুরো ভোটগ্রহণকালজুড়েই অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে আমরা যেন একটি গ্রহণযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি। যে নেতৃত্ব লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ রাখবে এবং আগামী দিনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও সবার পাশে থাকার অঙ্গীকার করেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে লক্ষ্মীপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এ বিএনপি নেতা বলেন, ভোট ভয়ের কোনো বিষয় নয়। বরং এটি গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ ও উৎসবমুখর দিন। মানুষ নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দিতে পারছে—এটাই সবচেয়ে বড় স্বস্তির বিষয়।

এ সময় বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা। তারা সবাই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর-৩ আসনে এবারের নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত থাকলে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধানের শীষের পক্ষে গণজোয়ারের যে প্রত্যাশা এ্যানি ব্যক্ত করেছেন, তা ভোটের অগ্রগতির সঙ্গে সঙ্গে কতটা বাস্তবায়িত হয়—সেদিকেই এখন নজর সকলের।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘের দখল নিয়ে সংঘর্ষ, পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

ঘের দখল নিয়ে সংঘর্ষ, পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ