সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৩ জুলাই The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৩ জুলাই

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৩ জুলাই ছবির ক্যাপশন:

বিদেশে পণ্য রপ্তানির আড়ালে প্রায় ২৮ লাখ ৩২ হাজার মার্কিন ডলার দেশে না আনার অভিযোগে করা মামলায় বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জ) বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ জুলাই দিন নির্ধারণ করেছেন আদালত।

বুধবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। এদিন মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন নির্ধারিত ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম সময়ের আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

আদালতের সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান এ এস এফ রহমান, অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড ও পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিউর রহমান, পরিচালক রেজিয়া আক্তার এবং আরআর গ্লোবাল ট্রেডিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান।

মামলার অভিযোগ অনুযায়ী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধানে জানতে পারে, বেক্সিমকো গ্রুপের অটাম লুপ অ্যাপারেলস লিমিটেড এবং পিয়ারলেস গার্মেন্টস লিমিটেডের মাধ্যমে বিদেশে পণ্য রপ্তানির বিপরীতে প্রাপ্য অর্থের একটি অংশ দেশে ফেরত আনা হয়নি।

তদন্তে উল্লেখ করা হয়েছে, জনতা ব্যাংকের লোকাল অফিস শাখা থেকে খোলা তিনটি ঋণপত্র (এলসি)-এর বিপরীতে পণ্য রপ্তানি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে ২৮ লাখ ৩২ হাজার ৪২৮ মার্কিন ডলার দেশে আনা হয়নি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহভিত্তিক প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই-এর কাছে এসব পণ্য রপ্তানি করা হয়েছিল। তদন্তে দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে মামলার কয়েকজন আসামির পারিবারিক সম্পর্ক রয়েছে। এ কারণে তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে, একই পরিবারের সদস্যদের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিকল্পিতভাবে অর্থ বিদেশে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপপরিদর্শক গোলাম মোস্তফা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্ত শেষে ২০২৫ সালের ১১ নভেম্বর সিআইডির পুলিশ পরিদর্শক মো. ছায়েদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তবে মামলার অভিযোগের বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্ত দেননি। আগামী ২৩ জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আদালত পরবর্তী আদেশ দেবেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
আইনমন্ত্রী: বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন

আইনমন্ত্রী: বাংলাদেশের বিচার বিভাগ সবচেয়ে স্বাধীন