জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ’।
রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক ডাকটিকিট উন্মোচন করা হয়। এ সময় ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান। তারা পল্লী উন্নয়নের গুরুত্ব এবং এ ধরনের উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রতি বছর ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি প্রদান করা হয়।
সংশ্লিষ্টরা জানান, পল্লী উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাই এ খাতের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এই স্মারক ডাকটিকিট উন্মোচনের মাধ্যমে পল্লী উন্নয়ন দিবসের গুরুত্ব আরও বেশি করে মানুষের কাছে তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
কসমিক ডেস্ক