লালমনিরহাটকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে বিশেষ মাদকবিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। রবিবার (৫ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত দিনব্যাপী অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে বিকেলে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের চইলতার তল এলাকায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোগলহাট, কুলাঘাটসহ জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচালিত অভিযানে আরও ১২ জনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিদের অধিকাংশই জেলার বাইরের বাসিন্দা।
অভিযান শেষে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, লালমনিরহাটে বাইরে থেকে এসে যারা মাদক ছড়িয়ে সমাজের পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনসম্পৃক্ত প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি বাল্যবিবাহ, যৌতুক এবং দুর্নীতির মতো সামাজিক সমস্যার বিরুদ্ধেও ধারাবাহিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অভিযানে স্থানীয় প্রশাসনের সদস্যদের পাশাপাশি ‘আলোকিত লালমনিরহাট’-এর কর্মীরাও অংশ নেন। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
উল্লেখ্য, এর আগে শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে ‘আলোকিত লালমনিরহাট’ নামের সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হলো মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। সংগঠনটির উদ্বোধনের এক দিনের মধ্যেই পরিচালিত এই অভিযানের পর স্থানীয় পর্যায়ে বিষয়টি ইতিবাচকভাবে আলোচিত হচ্ছে।
কসমিক ডেস্ক