নাটোরের উত্তরা গণভবন, রানি ভবানীর রাজবাড়ি, হালতি বিল ও চলনবিলকে কেন্দ্র করে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা বা ট্যুরিস্ট হাব গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
পর্যটনমন্ত্রী বলেন, নাটোরের ঐতিহাসিক ও প্রাকৃতিক বিভিন্ন স্থানে পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। উত্তরা গণভবন, রানি ভবানীর রাজবাড়ি, হালতি বিল ও চলনবিলকে কেন্দ্র করে পর্যটন অবকাঠামো গড়ে তোলা সম্ভব হলেও পর্যাপ্ত আবাসন সুবিধা ও উপযুক্ত অবকাঠামোর অভাবে এতদিন সেই সম্ভাবনা পূর্ণাঙ্গভাবে কাজে লাগানো যায়নি।
তিনি জানান, নাটোরের পর্যটন খাতকে এগিয়ে নিতে পর্যাপ্ত সুযোগ-সুবিধাসহ আবাসন অবকাঠামো তৈরি করা হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন করা হবে, যাতে দেশি-বিদেশি পর্যটকরা সহজে বিভিন্ন পর্যটনকেন্দ্রে যাতায়াত করতে পারেন। পর্যটনের সম্ভাবনা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
উত্তরা গণভবন পরিদর্শনের সময় নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতেখায়ের আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে পর্যটনমন্ত্রী হালতি বিল পরিদর্শন করেন। এরপর পাটুল ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সভায় জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, প্রতি বছর দেশ-বিদেশ থেকে হাজার হাজার পর্যটক নাটোরে আসেন। তবে পর্যাপ্ত থাকার ব্যবস্থা না থাকায় অনেকে নিরুৎসাহিত হন। সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে পর্যটকদের যাতায়াত ও আবাসনের জন্য আধুনিক অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কসমিক ডেস্ক