পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি ছবির ক্যাপশন:

পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতায় ব্যাপক নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে প্রকল্প এলাকায় চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র এবং দুটি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচলে একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন সম্প্রসারণ এবং নগরায়ণের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক পুলিশি সেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, থানা ও তদন্ত কেন্দ্রের পাশাপাশি তিনটি ডিসি অফিস স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়া পূর্বাচল নতুন শহরের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের কাজও এগিয়ে চলছে। এসব অবকাঠামো গড়ে উঠলে এলাকাবাসী দ্রুত পুলিশি সহায়তা এবং উন্নত নিরাপত্তা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

আইজিপি আরও বলেন, ভবিষ্যতে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর পুলিশের অধীনে এনে ডিএমপির অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে পরিচালনা করা হবে। এই বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা কার্যক্রম একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর করতে শুধু অবকাঠামো নয়, জনবলও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আইজিপি জানান, পূর্বাচল নতুন শহরের জন্য প্রায় ৬ হাজার ৫২৪ জন পুলিশ সদস্যের নতুন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ভবিষ্যতের নগর ব্যবস্থাপনা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সক্ষমতা আরও বাড়বে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত সম্প্রসারণশীল পূর্বাচল নতুন শহরে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে তোলা হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভে স্থবির ঢাকা-সিলেট সড়ক

রূপগঞ্জে শ্রমিক বিক্ষোভে স্থবির ঢাকা-সিলেট সড়ক