জাবি মেডিক্যাল সেন্টারে বিক্ষোভ, প্রধান মেডিক্যাল কর্মকর্তাকে অবরুদ্ধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

জাবি মেডিক্যাল সেন্টারে বিক্ষোভ, প্রধান মেডিক্যাল কর্মকর্তাকে অবরুদ্ধ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 23, 2026 ইং
জাবি মেডিক্যাল সেন্টারে বিক্ষোভ, প্রধান মেডিক্যাল কর্মকর্তাকে অবরুদ্ধ ছবির ক্যাপশন:

মেডিক্যাল সেন্টারের বিভিন্ন অনিয়মের অভিযোগ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রধান মেডিক্যাল কর্মকর্তা (সিএমও) ড. শামসুর রহমানকে অবরুদ্ধ করেছেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর নেতারা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রধান মেডিক্যাল কর্মকর্তার কক্ষে তালা দিয়ে তাকে অবরুদ্ধ করা হয়। এ সময় জাকসু নেতারা মেডিক্যাল সেন্টারের বিভিন্ন অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ তুলে দ্রুত সংস্কারের দাবি জানান।

জাকসুর স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হুসাইন মুবারক বলেন, প্রধান মেডিক্যাল কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় এবং দীর্ঘদিনেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—সাত দিনের মধ্যে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, ছয়জন ডিপ্লোমা নার্স নিয়োগ, মেডিক্যাল সেন্টারের অবকাঠামো সম্প্রসারণ করে অন্তত ১০টি নতুন কক্ষ নির্মাণ, অপারেশন থিয়েটারের আধুনিকায়ন, দুটি নতুন অ্যাম্বুল্যান্স চালু এবং মেডিক্যাল সেন্টারের পরিচালক হিসেবে একজন শিক্ষককে দায়িত্ব প্রদান।

হুসাইন মুবারক আরও জানান, প্রশাসন যদি অভিযোগের তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ এবং দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস না দেয়, তবে আন্দোলন আরও কঠোর হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে পুরো মেডিক্যাল সেন্টার তালাবদ্ধ করে চিকিৎসাসেবা বন্ধ রাখার কর্মসূচিও দেওয়া হতে পারে বলে তিনি সতর্ক করেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, মেডিক্যাল সেন্টারের অনিয়মের অভিযোগ তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্যবধান ধরে রাখতে নয়, জিততেই মাঠে নামবে পিএসজি

ব্যবধান ধরে রাখতে নয়, জিততেই মাঠে নামবে পিএসজি