ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর কথোপকথন।
ইএসপিএন আর্জেন্টিনার প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যাচ চলাকালে রেফারির একটি সিদ্ধান্ত এবং তার আচরণে অসন্তোষ প্রকাশ করেন মেসি। একপর্যায়ে তিনি রেফারিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন, দয়া করে। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলছি।’ মেসির এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ম্যাচজুড়ে রেফারির একাধিক সিদ্ধান্তকে ঘিরে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড পাওয়া এবং কয়েকটি ফাউলের সিদ্ধান্ত নিয়ে মাঠে বিতর্ক দেখা দেয়। সেই পরিস্থিতিতেই রেফারির সঙ্গে মেসির সংলাপ ক্যামেরায় ধরা পড়ে।
ঘটনার ভিডিও ও ছবি প্রকাশের পর ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, ম্যাচের উত্তেজনাপূর্ণ পরিবেশে একজন অধিনায়ক হিসেবে মেসি নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আবার কেউ রেফারির সিদ্ধান্ত নিয়েও আলোচনা করছেন।
তবে ম্যাচের উত্তেজনা ছাপিয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। মাঠের ফলাফলের পাশাপাশি রেফারির সঙ্গে মেসির এই সংলাপও ম্যাচের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে।
কসমিক ডেস্ক