বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ, ফটক ভাঙচুর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ, ফটক ভাঙচুর

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 3, 2026 ইং
বকেয়া বেতনের দাবিতে যশোরে চালডাল ডটকম কর্মীদের বিক্ষোভ, ফটক ভাঙচুর ছবির ক্যাপশন:

যশোরের যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক-এ অবস্থিত ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকম-এর কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। সোমবার (২ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে প্রায় ৮ শতাধিক কর্মী অংশ নেন। উত্তেজনার একপর্যায়ে পার্কের প্রধান ফটকে ভাঙচুরের ঘটনা ঘটে এবং এতে দুই কর্মী আহত হন।

কর্মীদের অভিযোগ, প্রতিষ্ঠানটি ২০১৯ সালে যশোর টেকনোলজি পার্কে কার্যক্রম শুরু করে। বর্তমানে পার্কের ১২ ও ১৪ তলায় তাদের কল সেন্টার পরিচালিত হচ্ছে, যেখানে ৮ শতাধিক কর্মী কাজ করছেন। তবে গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। অনেক কর্মীই শিক্ষার্থী এবং পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করেন। বেতন না পাওয়ায় তারা আর্থিক সংকটে পড়েছেন বলে জানান।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মীদের দাবি, বেতন চাইতে গেলে তাদের হেনস্তা করা হয়। সোমবারও বেতন চাইতে গেলে কল সেন্টারের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় এবং কয়েকজনকে চাকরি ছাড়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে কর্মীরা অফিস কক্ষ ও পার্কের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পার্ক কর্তৃপক্ষ প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে কর্মীরা ফটকে ভাঙচুর চালান।

এক কর্মী প্রমি বলেন, দীর্ঘদিন বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থী হিসেবে খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। আরেক কর্মী আজমীর জানান, ৮ শতাধিক কর্মীর ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। বেতন দাবি করলে মারধরের ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। রোজার ঈদের আগে বেতন দেওয়ার আশ্বাস দিয়ে অনেকের চাকরি বাতিল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে পার্কের ইনভেস্টার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজালাল বলেন, কর্মীদের বিক্ষোভের বিষয়টি পার্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা বকেয়া বেতন পরিশোধের বিষয়ে প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করবেন।

চালডাল ডটকম যশোরের সহকারী পরিচালক অভিজিৎ সরকার বলেন, ব্যবসায়িক পরিস্থিতির কারণে বেতন বকেয়া রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

বিক্ষোভের খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা-র পুলিশ ঘটনাস্থলে যায়। ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও কর্মীদের বেতন পরিশোধ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সংশ্লিষ্টদের দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন কর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাহাড়ের প্রকৃতি রক্ষায় কঠোর অবস্থান পার্বত্যমন্ত্রীর

পাহাড়ের প্রকৃতি রক্ষায় কঠোর অবস্থান পার্বত্যমন্ত্রীর