বিকট শব্দে কেঁপে উঠছে উখিয়া-টেকনাফ-নাইক্ষ্যংছড়ি সীমান্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

বিকট শব্দে কেঁপে উঠছে উখিয়া-টেকনাফ-নাইক্ষ্যংছড়ি সীমান্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
বিকট শব্দে কেঁপে উঠছে উখিয়া-টেকনাফ-নাইক্ষ্যংছড়ি সীমান্ত ছবির ক্যাপশন:

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে দফায় দফায় বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের কক্সবাজার সীমান্ত এলাকায় উদ্বেগ বেড়েছে। সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে অনেক স্থানে বাড়িঘরও কেঁপে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতের পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরেও টেকনাফের হোয়াইক্যং ও হ্নীলা সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বুধবার রাতে মংডু শহর এলাকায় বিমান থেকে বোমা হামলার ঘটনাও ঘটে বলে জানা যায়।

পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণের শব্দের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

হোয়াইক্যং এলাকার বাসিন্দা হুমায়ুন রশিদ জানান, দুপুরের দিকে রাখাইনের বলিবাজার ও কুমিরখালী এলাকা থেকে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর আকাশে ধোঁয়া দেখা যায় এবং শব্দে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ধোঁয়ার কারণে পাখিদের অন্যত্র উড়ে যেতে দেখা গেছে বলে তিনি উল্লেখ করেন।

হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, প্রায় এক বছর আগে আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর সংঘর্ষে সীমান্তবাসী দীর্ঘদিন আতঙ্কে ছিলেন। সাম্প্রতিক বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় সেই উদ্বেগ আবারও ফিরে এসেছে।

হ্নীলা মৌলভীবাজার এলাকার বাসিন্দা আবুল ফজল জানান, তিনি নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সীমান্তের ওপার থেকে একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শুনে দ্রুত ফিরে আসেন। তার ভাষ্য অনুযায়ী, উখিয়া-টেকনাফ সীমান্তের খাইংখালী, পালংখালী, রহমতের বিল, আঞ্জুমানপাড়া, হোয়াইক্যং, হ্নীলা, টেকনাফ পৌরসভা, সাবরাং ও শাহপরীর দ্বীপসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ স্পষ্টভাবে শোনা গেছে।

টেকনাফ সদর ইউনিয়নের নাট্যংপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, অনেক দিন পর মিয়ানমারের দিক থেকে এত বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। তার কাছে মনে হয়েছে, যেন হামলাটি বাংলাদেশ সীমান্তের কাছেই ঘটছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। তিনি সীমান্তবর্তী জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে এবং অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সীমান্তের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনী। পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সামরিক ব্যয় বাড়িয়ে উত্তেজনা ছড়াচ্ছে ন্যাটো—রাশিয়া

সামরিক ব্যয় বাড়িয়ে উত্তেজনা ছড়াচ্ছে ন্যাটো—রাশিয়া