সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন ছবির ক্যাপশন:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটের পাঁচ উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

এনসিপির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে একই ধরনের কর্মসূচি পালিত হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এসব কর্মসূচিকে ঘিরে পাঁচটি উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর জেলা প্রশাসনের মাধ্যমে বিজিবি মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচিকে কেন্দ্র করে বিজিবি মোতায়েনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবিও দায়িত্ব পালন করবে।

এদিকে এনসিপি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল জানান, জেলার পাঁচ উপজেলায় জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রশাসন জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভেজাল গো-খাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ভেজাল গো-খাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান