বৈরী আবহাওয়ার প্রভাবে টানা ভারী বর্ষণে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায়। গত ২৪ ঘণ্টায় উপজেলাটিতে ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যার ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে হাতিয়া আবহাওয়া অফিসের দায়িত্বে থাকা টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ বাবলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা একই সময়ে দেশের সর্বোচ্চ। আগামী ২৪ ঘণ্টায়ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই হাতিয়াসহ উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে দমকা হাওয়া ও উত্তাল সাগরের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে স্থানীয়দের চলাচল, নৌযান পরিচালনা এবং দৈনন্দিন কর্মকাণ্ডেও প্রভাব পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা বর্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা, গ্রামীণ সড়ক, বাজার এবং বসতবাড়ির আঙিনায় পানি জমে গেছে। অনেক এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় ধানের বীজতলা, শাকসবজি এবং মাছের ঘেরের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, টানা ভারী বৃষ্টির কারণে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জলাবদ্ধতা ও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কোথাও জরুরি পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অপ্রয়োজনে ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার এবং আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা অনুসরণ করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কসমিক ডেস্ক