বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে জুতাপেটা করার পর দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে আলী আজম সাব্বিরকে দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তিনি শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেখানে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে মোবাইল ফোনে অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
অভিযোগের ভিত্তিতে ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে জুতাপেটা করেন। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে।
টিটিসির প্রশিক্ষক রাশেদুল হাসান জানান, অভিযুক্ত ব্যক্তি নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। পরে তাকে আটকে জুতাপেটা করা হয় এবং তিনি লিখিতভাবে দোষ স্বীকার করেন। বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যায়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
কসমিক ডেস্ক