মেহেরপুরের গাংনীতে একটি পরিত্যক্ত জমি থেকে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু ও পাঁচটি ল্যান্ডমাইনের খালি বক্স উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমিতে এসব বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকা নিরাপত্তার আওতায় নেয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিতে কৃষিকাজ করার সময় মাটির নিচে ধাতব আকৃতির কয়েকটি বস্তু দেখতে পান কাঁদো মালিথা। পরে সেখানে আরও খোঁড়াখুঁড়ি করা হলে একে একে মোট ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু এবং পাঁচটি ল্যান্ডমাইনের খালি বক্স পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
পরে স্থানীয়রা গাংনী থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে। নিরাপত্তার কথা বিবেচনায় সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জহুরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো প্রকৃতপক্ষে সক্রিয় ল্যান্ডমাইন কি না, নাকি পুরনো বা নিষ্ক্রিয় কোনো বিস্ফোরক, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হবে।
গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা করার জন্য বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে পরীক্ষা করার পর বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পরীক্ষা না করা পর্যন্ত উদ্ধার হওয়া বস্তুগুলোকে ল্যান্ডমাইন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
কসমিক ডেস্ক