রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ জন রয়েছেন।
সোমবার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৪৩ জন, ওয়ারীতে ৪৬ জন, মতিঝিলে ৩৯ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ৯৬ জন, গুলশানে ৪৮ জন, উত্তরায় ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানে ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিএমপির এডিসি নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তি ও আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কসমিক ডেস্ক