বরিশাল নগরীতে ইজিবাইক গ্যারেজে আটকে এক ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠী এলাকায়। অভিযুক্ত যুবকের নাম মারুফ হোসেন (২৫)। তিনি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার বাসিন্দা এবং বরিশাল নগরীর কাশিপুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কওমি মাদ্রাসার নার্সারিতে পড়াশোনা করে। পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, শিশুটি তার চাচাতো বোন ও অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বের হলে অভিযুক্ত মারুফ তাকে ডেকে একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে যায়। সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরবর্তীতে শিশুটির মা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে আরও পূর্ববর্তী অভিযোগের তথ্য পাওয়া গেছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয় এবং মামলার ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।
কসমিক ডেস্ক