গাইবান্ধার সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় ভুলবশত ‘জয় বাংলা’ উচ্চারণ করায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন দলটির উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে অসাবধানতাবশত ‘জয় বাংলা’ বলে ফেলেন।
শফিজল ইসলামের ভাষ্য অনুযায়ী, এটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি বলার ভুল এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এ ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করে সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বক্তব্যের শেষে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পথসভার ওই বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করেন এনসিপির এই নেতা।
কসমিক ডেস্ক