বিদেশে বাংলাদেশিদের কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, মেন্ডারিন বা জার্মান শেখার আগে অন্তত ইংরেজি ভাষায় মৌলিকভাবে পড়া, বলা ও লেখার দক্ষতা অর্জন করা জরুরি। এই ভিত্তি তৈরি করা গেলে বাংলাদেশের তরুণরা বিদেশের শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলকভাবে কাজ করতে পারবে।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আলোচনায় তিনি দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন দুর্বলতা নিয়েও প্রশ্ন তোলেন।
রুমিন ফারহানা বলেন, বর্তমানে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা সঠিকভাবে রিডিং পড়তে পারছে না। আবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাও অনেক ক্ষেত্রে ইংরেজিতে শুদ্ধ বাক্য গঠন করতে ব্যর্থ হচ্ছে। এই বাস্তবতা দেশের শিক্ষার গুণগত মান নিয়ে বড় প্রশ্ন তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিদেশে কর্মসংস্থানের বড় সুযোগ থাকলেও ভাষাগত দক্ষতার অভাবে অনেক বাংলাদেশি সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছেন না। তাই শিক্ষাক্রমে বাস্তবমুখী ভাষা দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়া উচিত।
বাজেট আলোচনায় তিনি দেশের রাজস্ব আহরণ, ঋণনির্ভর অর্থনীতি, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংক খাতের দুর্বলতা এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে কম বরাদ্দ নিয়েও সমালোচনা করেন। তার মতে, এসব খাতে কাঙ্ক্ষিত উন্নতি না হলে সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে।
রুমিন ফারহানার বক্তব্যে দেশের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে নীতিনির্ধারণী পর্যায়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে বিদেশে কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে ভাষা দক্ষতার গুরুত্ব আবারও সামনে এসেছে।
কসমিক ডেস্ক