গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৩ জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছেন।
এ সময়ে ৯৩৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে ৯৪২ শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৮ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত অসুস্থতায় এ সময়ে মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ রোগী।
হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ইতোমধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। ফলে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও হাম ও এর উপসর্গজনিত অসুস্থতা নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শিশুদের মধ্যে হামের উপসর্গ ও আক্রান্তের সংখ্যা পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কসমিক ডেস্ক