তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে দলের অধিনায়ক মিচেল মার্শ ও তারকা ওপেনার ট্রাভিস হেড এখনো দলের সঙ্গে যোগ দেননি, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড স্পোর্টস জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মিচেল মার্শ বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন না। অন্যদিকে ট্রাভিস হেড পুরো ওয়ানডে সিরিজেই বিশ্রামে থাকবেন। তারা দুজনই শুধু টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে পারেন।
মার্শ সম্প্রতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান। পরে তিনি ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে দেশে ফিরে যান এবং পাকিস্তান সফরেও অংশ নিতে পারেননি। ধারণা করা হয়েছিল তিনি বাংলাদেশ সফরের আগে ফিট হয়ে উঠবেন, তবে এখনও পুরোপুরি সুস্থ নন বলে জানা গেছে।
অন্যদিকে ট্রাভিস হেড সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলের প্লে-অফ পর্যন্ত খেলেছেন। টুর্নামেন্ট শেষে ২৭ মে দেশে ফিরে তিনি বর্তমানে বিশ্রামে আছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত না করলেও জানা গেছে, মার্শের অনুপস্থিতিতে জশ ইংলিস দলকে নেতৃত্ব দেবেন। তিনি এর আগে পাকিস্তান সিরিজেও অধিনায়কত্ব করেছিলেন।
এছাড়া মিরপুরের উইকেট বিবেচনায় অস্ট্রেলিয়া স্পিন শক্তি বাড়াতে টড মার্ফিকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও করছে বলে জানা গেছে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন মিরপুরে। পরের দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন, আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন।
কসমিক ডেস্ক