রমজানের আগে খেজুরের দামে হঠাৎ উল্লম্ফন, বেড়েছে কেজিতে ৫০ টাকা পর্যন্ত The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রমজানের আগে খেজুরের দামে হঠাৎ উল্লম্ফন, বেড়েছে কেজিতে ৫০ টাকা পর্যন্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 6, 2026 ইং
রমজানের আগে খেজুরের দামে হঠাৎ উল্লম্ফন, বেড়েছে কেজিতে ৫০ টাকা পর্যন্ত ছবির ক্যাপশন:

পবিত্র রমজান মাস সামনে রেখে বাজারে রোজার কেনাকাটা শুরু করেছেন ভোক্তারা। তবে রোজার অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য খেজুরের বাজারে এরই মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে খেজুরের ধরনভেদে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে বলে জানা গেছে।

ব্যবসায়ীরা বলছেন, দেশে খেজুরের আমদানি ও সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। অন্যান্য বছরের তুলনায় আমদানি শুল্কেরও বাড়তি চাপ নেই। তবুও বাজারে খেজুরের দাম বাড়তে থাকায় ভোক্তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পাইকারি ও খুচরা বিক্রেতারা একে অপরকে দোষারোপ করছেন। পাইকারি বিক্রেতারা দাবি করছেন, খেজুরের সরবরাহ পর্যাপ্ত থাকায় পাইকারি বাজারে দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। অন্যদিকে খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে বাধ্য হয়েই ভোক্তাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

রমজান মাসে খেজুরের চাহিদা সবচেয়ে বেশি থাকে। বাজার সংশ্লিষ্টদের মতে, এ সময় বছরে মোট চাহিদার প্রায় ৭০ শতাংশ খেজুর বিক্রি হয়ে থাকে। এ কারণে বাজার স্থিতিশীল রাখতে সরকার গত ডিসেম্বরেই খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনে। তবে শুল্ক কমানোর পরও খুচরা বাজারে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা হতাশা প্রকাশ করছেন।

বর্তমান বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হওয়া জাহিদী খেজুরের দাম এখন কেজিপ্রতি ২৮০ টাকা। এক সপ্তাহ আগেও এই খেজুরের দাম ছিল প্রায় ২৫০ টাকা। এছাড়া অন্যান্য খেজুরের মধ্যে বরই খেজুর বিক্রি হচ্ছে ৪৮০ থেকে ৫০০ টাকা, দাবাস ৫০০ টাকা, কালমি ৬০০ থেকে ৭০০ টাকা, সুক্কারি ৭০০ থেকে ৮০০ টাকা দরে।

উচ্চমূল্যের খেজুরগুলোর মধ্যে মাবরুম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮৫০ থেকে ১ হাজার ২০০ টাকা, মরিয়ম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং মেডজুল খেজুর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে বাজার সূত্রে জানা গেছে।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ফল বিক্রেতা রাকিব মুন্সি জানান, এক সপ্তাহের ব্যবধানে এসব খেজুরের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পাইকারি পর্যায়ে খেজুরের দাম বাড়েনি এবং বাজার মোটামুটি স্থিতিশীল রয়েছে। সরবরাহেও কোনো সংকট নেই উল্লেখ করে তিনি বলেন, খুচরা বাজারে কেন দাম বেড়েছে তা তিনি বলতে পারছেন না।

এদিকে রোজার সময় ইফতারের জন্য ফলমূলের চাহিদা বাড়তে থাকে। বাজারে খেজুরের পাশাপাশি অন্যান্য ফলের দামও বাড়ছে বলে অভিযোগ রয়েছে। গত এক মাসে আপেল, নাশপাতি, আনার ও কমলার দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপরাধ দমনে ডেভিল হান্ট: ঢাকায় এক দিনে ১১ জন আটক

অপরাধ দমনে ডেভিল হান্ট: ঢাকায় এক দিনে ১১ জন আটক