দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে দাঁড়িয়েছে।
রোববার (৮ মার্চ) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.১৩ শতাংশে।
এর আগের মাস জানুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৫৮ শতাংশ।
তবে গত বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩২ শতাংশ।
বিবিএসের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৩০ শতাংশে।
জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।
অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় খাদ্য মূল্যস্ফীতিও বৃদ্ধি পেয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ২৪ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতেও মূল্যস্ফীতি বেড়েছে।
ফেব্রুয়ারি মাসে নন-ফুড খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ০১ শতাংশে।
আগের মাস জানুয়ারিতে এই হার ছিল ৮ দশমিক ৮১ শতাংশ।
তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নন-ফুড খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং বাজারে সরবরাহের বিভিন্ন সমস্যার কারণে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হচ্ছে।
এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে।
তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কসমিক ডেস্ক